বাগানবাজার গ্রাফ - BaganBazar Graph
Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. বাংলাদেশ
  5. বিনোদন
  6. রাজনীতি

ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ, প্রশ্ন তাসনিম জারার!

প্রতিবেদক
admin
September 5, 2026 7:17 pm

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের পর গাজীপুরের সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়েছে। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গাজীপুরের আদালতে পাঠানো হয়। এ ঘটনায় প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিফাতের গ্রেপ্তার নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তাসনিম জারা। সেখানে তিনি বলেন, সিফাতের ভাষা ভদ্র ছিল না—এ নিয়ে বিতর্কের কিছু নেই। তবে তাকে অভদ্রতার জন্য গ্রেপ্তার করা হয়নি; তার বিরুদ্ধে মামলা করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। তাই গালিগালাজকে সন্ত্রাস হিসেবে গণ্য করা হচ্ছে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

তাসনিম জারা বলেন, সিফাতের গ্রেপ্তারের বিরোধিতা করে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন, তাদের অনেকের মন্তব্যের ঘরেও গালাগালির বন্যা দেখা যাচ্ছে। অথচ তারাই বলছেন, সিফাত গালি দেওয়ায় তাকে আটক করা সঠিক হয়েছে। বিষয়টিকে তিনি ‘আয়রনি’ হিসেবে উল্লেখ করেন।

তার প্রশ্ন, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটি অপরাধ হিসেবে বিবেচিত হবে, কিন্তু ক্ষমতায় না থাকা কাউকে গালি দিলে তা গ্রহণযোগ্য—এমন কোনো ভিন্ন মানদণ্ড তৈরি হয়েছে কি না।

পোস্টে তাসনিম জারা আরও বলেন, কী ধরনের কথা বলা, লেখা বা ছবি আঁকার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতে বাড়ির দরজায় এসে হাজির হবেন না, তার একটি তালিকা প্রকাশ করা উচিত। সেই তালিকা মেনে চলার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি লেখেন, এমন তালিকা দিতে অস্বস্তি হলে বা বিষয়টি ‘দ্য ডিক্টেটর’ সিনেমার আলাদিনের আচরণের মতো মনে হলে সংশ্লিষ্টদের নিজেদের সংযত করা উচিত।

শেষে সিফাত আব্দুল্লাহকে অবিলম্বে মুক্তি দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তাসনিম জারা। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী আইনের যেসব ধারা কথা বলার বিরুদ্ধে ব্যবহার করা যায়, সেগুলো সংশোধনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের পর সিফাত আব্দুল্লাহর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তাকে আটক করা হয় এবং সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতে পাঠানো হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক