
ব্যক্তিগত সীমাবদ্ধতা ও নানা বাধ্যবাধকতার কারণে সাংগঠনিক দায়িত্ব এবং দলীয় কার্যক্রম নিয়মিতভাবে পালন করতে না পারায় রাজনীতি থেকে অব্যাহতি চেয়েছেন জামায়াতে ইসলামীর ফুলপুরের রোকন মো. শুয়াইব সম্রাট। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তবে তার এই সিদ্ধান্তের পেছনে কোনো মতাদর্শিক বিরোধ, দলীয় সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত বা কারও প্রতি ব্যক্তিগত ক্ষোভ নেই বলেও উল্লেখ করেছেন তিনি।
ফেসবুক পোস্টে নিজের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন শুয়াইব সম্রাট। তিনি জানান, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০১৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন।
এর ধারাবাহিকতায় ২০২১ সালের ১৩ মার্চ তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন হিসেবে শপথ নেন। এরপর থেকে দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে তিনি যুক্ত ছিলেন।
তবে বর্তমানে ব্যক্তিগত সীমাবদ্ধতা ও নানা বাধ্যবাধকতার কারণে সাংগঠনিক দায়িত্ব এবং দলীয় কার্যক্রম যথাযথভাবে নিয়মিত পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানান শুয়াইব সম্রাট। এ কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের সিদ্ধান্তকে একান্তই ব্যক্তিগত হিসেবে উল্লেখ করে তিনি দলের সাবেক ও বর্তমান সহকর্মীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। একই সঙ্গে তার এই সিদ্ধান্তের সঙ্গে কোনো ধরনের মতাদর্শিক বিরোধ বা দলীয় সিদ্ধান্তের দ্বিমতের সম্পর্ক নেই বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, শুয়াইব সম্রাট দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্রশিবিরের মাধ্যমে তার রাজনৈতিক কর্মকাণ্ডের শুরু হলেও পরবর্তীতে তিনি জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামোর সঙ্গে যুক্ত হন। ২০২১ সালে রোকন হিসেবে শপথ নেওয়ার পরও তিনি দলের বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
এদিকে শুয়াইব সম্রাটের অব্যাহতি চাওয়ার বিষয়ে ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম বলেন, ‘তার বিষয়ে কিছু সমস্যা রয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং এ নিয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘তদন্তের বিষয়টি বুঝেই হয়তো তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তবে বিষয়টি এখনো তদন্তাধীন। তদন্ত শেষ হলে তার বিষয়ে প্রকৃত তথ্য ও অবস্থান আরও স্পষ্টভাবে জানা যাবে। তাই তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না।’
তবে এ বিষয়ে মো. শুয়াইব সম্রাটের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।













