বাগানবাজার গ্রাফ - BaganBazar Graph
Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. বাংলাদেশ
  5. বিনোদন
  6. রাজনীতি

মানুষের অধিকার ফিরিয়ে দিতে মাঠে নেমেছি!

প্রতিবেদক
admin
September 5, 2026 7:13 pm

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে—এমন মন্তব্য করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতেই তারা মাঠে নেমেছেন। গ্যাস, বিদ্যুৎ, জুলাই আন্দোলনে গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘এ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা মাঠে নেমেছি।’

তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ, জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তারা কর্মসূচি পালন করছেন। এসব দাবি আদায় না করে ঘরে ফিরবেন না বলেও জানান তিনি।

এদিন সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী এ কর্মসূচির যাত্রাপথে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হচ্ছে।

লংমার্চের ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটসহ জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসন ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা।

কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ড এলাকায় প্রথম পথসভার আয়োজন করা হয়। পরে শিমড়াইল মোড়েও পথসভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া লংমার্চের যাত্রাপথে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা হওয়ার কথা রয়েছে।

শিমড়াইলের পথসভায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ১১ দলীয় ঐক্যের নারায়ণগঞ্জের সমন্বয়ক মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ, জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ্ব মমিনুল হক সরকার।

এ সময় জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাসউদুর রহমান গিয়াস, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি