বাগানবাজার গ্রাফ - BaganBazar Graph
Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. বাংলাদেশ
  5. বিনোদন
  6. রাজনীতি

দেশ যখনই সংকটে পড়েছে বিএনপিই তখনই হাল ধরেছে!

প্রতিবেদক
admin
September 5, 2026 6:43 pm

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের যেকোনো সংকটময় সময়ে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়ে সংকট মোকাবিলায় ভূমিকা রেখেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি কখনো লুকিয়ে বা গুপ্তভাবে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেনি। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে দলটি সবসময় রাজপথে ছিল। দেশে ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেসব নির্বাচনে বিএনপি একাধিকবার সরকার গঠন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বর্তমান বড় সমস্যাগুলোর মধ্যে জ্বালানি সংকট অন্যতম। এ সমস্যা সমাধানে সরকার ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনাগুলো বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।

ভবিষ্যতে যাতে এ ধরনের সংকট তৈরি না হয়, সে বিষয়েও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তিনি।

তারেক রহমান বলেন, স্বৈরাচারী সরকারের তৈরি সমস্যা হোক কিংবা অন্তর্বর্তী সরকারের সময় সৃষ্টি হওয়া কোনো সমস্যা—সবকিছু সমাধানের চেষ্টা চলছে। তবে এসব সমস্যাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোরও চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, কেউ যদি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তা নিয়ন্ত্রণে দেশের আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। একই সঙ্গে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সর্বশেষ - রাজনীতি