বাগানবাজার গ্রাফ - BaganBazar Graph
Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. বাংলাদেশ
  5. বিনোদন
  6. রাজনীতি

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় তরুণীর কাণ্ড!

প্রতিবেদক
admin
September 5, 2026 6:52 pm

বরিশালের বাবুগঞ্জে ১৮ বছর বয়সী এইচএসসি পরীক্ষার্থী লামিয়ার ঢাকায় আত্মহত্যার ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া এবং মানসিক নির্যাতনের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব বলে জানিয়েছে পুলিশ।

গত ৩১ আগস্ট রাত দেড়টার দিকে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসায় এ ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে গত ২ সেপ্টেম্বর সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর বাহেরচর গ্রামে লামিয়ার দাফন সম্পন্ন হয়।

নিহত লামিয়া উত্তর বাহেরচর গ্রামের শয্যাশায়ী আলী হায়দারের মেয়ে। এইচএসসি পরীক্ষার্থী লামিয়া পড়াশোনার পাশাপাশি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। অসুস্থ বাবার কারণে পরিবারের খরচ চালাতেও তিনি সহযোগিতা করতেন বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

পরিবারের সদস্যদের অভিযোগ, একই এলাকার আলাউদ্দীন আকনের ছেলে সুমন আকনের (২৫) সঙ্গে প্রায় তিন বছর ধরে লামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। সুমন বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহতের ছোট ভাই কাওসার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সুমনের সঙ্গে তার বোনের সম্পর্ক ছিল। তারা বিভিন্ন স্থানে দেখা করতেন এবং বিষয়টি সুমনের পরিবারও জানত। তবে সুমন সরকারি চাকরি পাওয়ার পর লামিয়াকে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে দাবি করেন তিনি।

কাওসারের আরও অভিযোগ, সম্প্রতি সুমনের মা ও বোন লামিয়াকে মারধর করেন। বিয়ের আশ্বাস দেওয়ার পর তা থেকে সরে আসা এবং মানসিক চাপের কারণেই তার বোন চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন তিনি।

লামিয়ার বড় খালা জহুরা বেগম বলেন, লামিয়ার এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। মৃত্যুর আগে প্রায় এক সপ্তাহ ধরে তাকে সুমন নামের এক তরুণের সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বলতে এবং কান্নাকাটি করতে দেখা গেছে বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য মজিবর আকন বলেন, পরিবারের বড় মেয়ে হিসেবে লামিয়া অনেক কষ্ট করে পড়াশোনা করতেন। পাশাপাশি চাকরি করে অসুস্থ বাবার পরিবারকে সহযোগিতা করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

অভিযোগের বিষয়ে সুমন আকনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, লামিয়ার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়