বাগানবাজার গ্রাফ - BaganBazar Graph
Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. বাংলাদেশ
  5. বিনোদন
  6. রাজনীতি

যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সেই বৃদ্ধের মৃত্যু!

প্রতিবেদক
admin
September 5, 2026 6:46 pm

বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা গেছেন আব্দুর রব সরদার (৬৭) নামে এক বৃদ্ধ। পরিবারের অভিযোগ, মহাখালীর কলেরা হাসপাতালে পৌঁছাতে দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার হয়ে মহাখালীর আইসিডিডিআর’বি (কলেরা হাসপাতাল) যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

আব্দুর রব সরদার বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের বাসিন্দা। তিনি বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

নিহতের ছেলে রুবেল সরদার জানান, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তার বাবা হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

রুবেল বলেন, সকাল সাড়ে ৯টার দিকে তারা অ্যাম্বুলেন্সে করে ঢাকার মহাখালী আইসিডিডিআর’বি (কলেরা হাসপাতালের) উদ্দেশে রওনা হন। হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকায় প্রবেশের পর যানজটে পড়তে হয় তাদের।

তার অভিযোগ, মহাখালী যাওয়ার পথে একাধিক স্থানে তীব্র যানজটের কারণে অ্যাম্বুলেন্সটি প্রায় দেড় ঘণ্টা আটকে ছিল। দুপুর দেড়টার দিকে অ্যাম্বুলেন্সটি কলেরা হাসপাতালের গেটে পৌঁছালে দেখা যায়, এর মধ্যেই তার বাবা মারা গেছেন।

কান্নাজড়িত কণ্ঠে রুবেল বলেন, সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারলে তার বাবাকে বাঁচানো সম্ভব হতো।

তবে এ বিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিপু সুলতান বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে স্বজনরা ঝুঁকি নিয়ে তাকে সরাসরি ঢাকায় নিয়ে যান।

সর্বশেষ - রাজনীতি